৪ হাজার চিকিত্সক নিয়োগের সুপারিশ

৪২তম বিশেষ বিসিএসের (চিকিত্সক) চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস উত্তীর্ণ ৪ হাজার চিকিত্সককে নিয়োগের সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কমিশন সভায় এই ফলাফল অনুমোদন দেওয়া হয়। করোনা মহামারি চিকিত্সার জন্য জরুরি ভিত্তিতে সহকারী সার্জন পদে এসব চিকিত্সক নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিয়োগের ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ইত্তেফাককে বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এই বিসিএসের মাধ্যমে প্রথমে ২ হাজার, পরে আরো ২ হাজারসহ মোট ৪ হাজার চিকিত্সক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। পরে স্বাস্থ্যবিধি মেনে এবং করোনার সময় বিশেষভাবে চিকিত্সক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এর আগে ২০১৯ সালে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রথম ধাপে সাড়ে ৪ হাজার এবং ২০২০ সালের মে মাসে আরো অতিরিক্ত ২ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়া হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট চিকিত্সকেরা কর্মস্থলে যোগদান করেছেন। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এবং চলমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার নতুন করে পরীক্ষা নিয়ে ২ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসাবে ২০২০ সালের ৭ ডিসেম্বর ৪২তম বিশেষ বিসিএসের সার্কুলার প্রকাশিত হলে ৩১ হাজার ৫০০ আবেদনপত্র জমা পড়ে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রিলিতে ৬ হাজার ২২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।