করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরব বিধিনিষেধ শিথিল করে বিদেশিদের ওমরাহ করার দ্বার খুলে দিয়েছে। গত ১৫ আগস্ট থেকে বিদেশিরা দেশটিতে ওমরাহ আদায় করতে পারছেন। শুরুতে সীমিতসংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আরব নিউজ। খবরে বলা হয়, পবিত্র দুই মসজিদ সম্পর্কিত কার্যালয়ের প্রধান শেখ আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সোদাইসের নেতৃত্বে দৈনিক ৭০ হাজার মানুষ যেন ওমরাহ আদায় করতে পারেন, সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক ওমরাহ আদায়কারীর সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হলেও স্বাস্থ্যসচেতনতা ও করোনাবিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হবে।