এসিল্যান্ড অফিসের যাদের চাকরিকাল তিন বছর হয়েছে তাদের দ্রুত বদলির সুপারিশ

সহকারী কমিশনার (ভূমি) অফিসের যেসব কর্মচারীর চাকরিকাল তিন বছর পার হয়েছে তাদের দ্রুত অন্যত্র বদলির সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য—ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবর রহমান, শাহজাহান মিয়া, উম্মে ফাতেমা নাজমা বেগম ও আমিনুল ইসলাম অংশ নেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অফিসে তৈরির জন্য কক্সবাজার জেলায় ১০০ শতাংশ জমি অধিগ্রহণে অনিয়ম তদন্ত করতে বৈঠকে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। হাবিবর রহমানকে আহ্বায়ক করে গঠিত সাব-কমিটির অপর দুই সদস্য হলেন—মনোরঞ্জন শীল গোপাল ও উম্মে ফাতেমা নাজমা বেগম।