রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর বাসাবোয় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করেছে পুলিশ।

ওই যুবকের নাম হৃদয় (২৮)। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে বাসাবো খেলার মাঠে যাই।  সেখানে গিয়ে দেখি মাঠের ভেতরে হৃদয় নামের এক যুবককে হাত-পা বেঁধে পেটানো হচ্ছে। তখন জানতে পারি মাঠের ভেতরে ক্লাবের নির্মাণকাজের জিনিসপত্র চুরি করতে সে ভেতরে ঢুকেছে এই অভিযোগে সেখানে দায়িত্বে থাকা ম্যানেজার, কনট্রাকটর ও কেয়ারটেকারসহ কয়েকজন মিলে ঐ যুবককে আটক করে মরধর করে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’

ইত্তেফাক/এএএম