করোনার হানায় স্থগিত ম্যানচেস্টার টেস্ট

চতুর্থ টেস্ট চলাকালীনই ভারতীয় দলে করোনা হানা দেয়। তবে কোনো খেলোয়াড় আক্রান্ত না হওয়ায় ম্যাচে এর কোনো প্রভাব পড়েনি। অবশেষে পঞ্চম ও শেষ টেস্টে এসে ভাইরাসটির প্রভাব পড়লো। জানা গেছে, সফরকারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ফলে শেষ পর্যন্ত ম্যানচেস্টার টেস্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।

স্বাগতিক ইংল্যান্ড-ভারতের মধ্যকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই ম্যাচটি সিরিজ নির্ধারণীও ছিল। এর আগে প্রথম চার ম্যাচে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন শেষ ম্যাচটি স্থগিত হওয়ায় ফল কী হবে তা জানা যায়নি। এটি নির্ধারণ করবে ইসিবি, বিসিসিআই ও আইসিসি।

আজ শুক্রবার ম্যানচেস্টার টেস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্ত বল মাঠে গড়ানোর ঘণ্টা তিনেক আগে জানানো হয়, প্রথমদিন ম্যাচটি আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে সবাই ধারণা করেছিল, টেস্ট হয়তো দুই-একদিন পিছিয়ে দেওয়া হতে পারে। তবে এর কিছুক্ষণ পরই ম্যাচ স্থগিতের ঘোষণা দেন অফিসিয়ালরা। এটি দুই বোর্ডের যৌথ সিদ্ধান্ত বলে জানিয়েছে ইসিবি।

নিশ্চিত না হলেও আভাস পাওয়া গেছে যে, ভারতের স্কোয়াডে কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। তাই খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়ে দুই বোর্ড।

ইত্তেফাক/টিএ