সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন কিউই ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬১ রান সংগ্রহ করেছে তারা।
মিরপুরে কিউইদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফিন অ্যালেন ও রচিন রবীন্দ্রা। তারা মাত্র ৫.৪ ওভারে দলীয় স্কোর ৫৮ রানে দাঁড় করান। এরপরই জোড়া আঘাত হানেন টাইগার পেসার শরীফুল ইসলাম।
প্রথমেই রবীন্দ্রাকে আউট করেন তিনি। তার দুর্দান্ত ডেলিভারিতে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন কিউই ওপেনার। ১২ বলে ১৭ রানের ইনিংস খেলেন তিনি। এর পরের বলেই অপর ওপেনার অ্যালেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেস সেনসেশন। তবে রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান।
তবে ওভারের শেষ বলে আর রক্ষা পাননি। দারণ এক ডেলিভারিতে দুর্দান্ত খেলতে থাকা অ্যালেনকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন শরীফুল। আউট হওয়ার আগে ৩ ছক্কার বিনিময়ে ২৪ বলে ৪১ রান করেন কিউই ব্যাটসম্যান।
দলীয় ৭১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। এবার তাদের দুর্গে আঘাত হেনেছেন আফিফ হোসেন। তার শিকার উইল ইয়াং। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। এছাড়া তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং আফিফ হোসেন নেন একটি করে উইকেট।
ইত্তেফাক/টিএ