মাধবপুর উপজেলার মীননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন মিয়া (৮) নামক এক শিশু মারা গেছে। আহত হয়েছে ইমন মিয়া (৯) নামক অপর এক শিশু। শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান ও মনিরুল ইসলাম জানান, মীরনগর গ্রামের মাসুক মিয়ার ছেলে ইয়াছিন ও জিতু মিয়ার ছেলে ইমন বাড়ির সবার অজান্তে ঘরের বারান্দার ছাদে খেলা করছিল। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ইয়াছিন। তাকে ছাড়াতে চেষ্টা করেছে ইমন- প্রতিবেশি বিল্লাল মিয়া এ দৃশ্য দেখে বিদ্যুৎ অফিসে জানালে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে কর্তৃপক্ষ। পরে ২ শিশুকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন মিয়াকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোক্তাদির তালুকদার জানান, ২ শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আসার পূর্বেই ইয়াছিন মারা গেছে এবং ইমনকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানান, মীরনগর গ্রামের আরো কয়েকটি বাড়ির ঘরের উপর দিয়ে বিদ্যুতের লাইন রয়েছে। বারবার সংশ্লিষ্ট বিভাগকে জানানোর পরও কোন প্রতিকার নেই।
এ ব্যাপারে নয়াপাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কাশেম জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
ইত্তেফাক/এসজেড