আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়োগ দেওয়া হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকাও একই কাজ করলো। তারা দেশটির সাবেক ক্রিকেটার জেপি ডুমিনিকে বিশ্বকাপে প্রোটিয়াদের বিশেষ পরামর্শকের দায়িত্ব দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) টি০-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে তিন জন রিজার্ভ খেলোয়াড়ও রাখা হয়েছে। আর পরামর্শক বা মেন্টর হিসেবে থাকবেন জেপি ডুমিনি।
এর আগে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। পুরো ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি ৪৬টি টেস্ট, ১৯৯টি ওয়ানডে ও ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর বাইরে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলোতেও নিয়মিত খেলেছেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আশা করছে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে ডুমিনির মতো অভিজ্ঞ একজনের পরামর্শে দলের তরুণরা উপকৃত হবে।
৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে সে উপযুক্ত ক্রিকেট ব্যক্তিত্ব। রেকর্ড তার পক্ষে কথা বলে। তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) সে দারুণ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার ছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, বিওর্ন ফরটান, হেইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, রিজা হেনড্রিকস, ভিয়ান মুল্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও র্যাসি ফন ডান ডুসেন।
রিজার্ভ: উইলিয়াম লিজাড, জর্জ লিন্ড ও অ্যান্ডিলে ফেহশুকাইয়ো।
ইত্তেফাক/টিএ