বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন ‘জাতীয় হতাশাবাদী দলে’ রূপ নিয়েছে। গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে। আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন। বিএনপি যে অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে তাতে তারা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্যতা করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে। অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে তাদেরই আঘাত করছে। জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া বিএনপির নেতাকর্মীরা এখন গণহতাশায় ভুগছে।

তোষামোদের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় আওয়ামী লীগ সব দলের চেয়ে এগিয়ে। নেতৃত্ব তোষণে বিএনপি যে ধারা তৈরি করেছে তা রীতিমতো শিল্পে রূপ নিয়েছে। তোষামোদের রাজনীতির পেটেন্ট বিএনপির।’