লিওনেল মেসি। বিশ্ব ফুটবল মঞ্চের এই সময়ের সবচেয়ে বড় তারকার খেতাবটা আগেই নিজের করে নিয়েছেন মেসি। এবার লাতিন ফুটবল মঞ্চের সর্বকালের সেরাদের দৌঁড়ের পথে আরেকটি অর্জন যোগ হলো। লাতিন ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি। ফুটবলের কালোমানিক খ্যাত পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন তিনি। পেলে ৯২ ম্যাচে করেছিলেন ৭৭ গোল, আর মেসি ১৫৩ ম্যাচে করলেন ৭৯ গোল।
ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের এদিনের ম্যাচে অনেকগুলো ছবি সোনালি ফ্রেমের স্মৃতি হয়ে থাকল। দর্শকশূন্য ম্যাচে কোপা আমেরিকা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর উত্সব উদ্যাপন করতে পারেনি আর্জেন্টিনা। এদিন বলিভিয়ার বিপক্ষে ম্যাচে বুয়েন্স এইরেসের মন্যুমেন্টাল স্টেডিয়ামের দুয়ার খুলে দেওয়া হলো দর্শকের জন্য। আর্জেন্টিনা ৩-০ গোলে বিধ্বস্ত করল অতিথিদের। হ্যাটট্টিক করলেন অধিনায়ক লিওনেল মেসি। এই ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে কোপা আমেরিকা জয়ের উত্সব করল আর্জেন্টিনা। কোপা আমেরিকার ট্রফি জয়ের ঘটনা ছিল গত জুলাইয়ে। ২৮ বছর পর মেসিরা সেদিন কোপার ট্রফি হাতে তুলেছিল ব্রাজিলের বিখ্যাত মারাকানার মাঠে। দর্শকবিহীন স্টেডিয়ামে সেই দিনের জমিয়ে রাখা উত্সব এবার ঘরের মাঠে ছড়িয়ে দিলেন মেসি। এমন বর্ণিল আনন্দের সাক্ষী হয়ে থাকল সৌভাগ্যবান হাজার বিশেক দর্শক। মেসির মা-ভাই সবাই স্টেডিয়ামে বসে দেখলেন। এমন আনন্দঘন মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারলেন না মেসি। ট্রফি হাতে আবেগ আপ্লুত হয়ে কাঁদলেন। বার্সেলোনা ছেড়ে যাওয়ার দিন কেঁদেছিলেন মেসি। এবার কাঁদলেন ভিন্ন মঞ্চে। কাঁদলেন দেশকে ট্রফি এনে দেওয়ার আনন্দে। স্টেডিয়ামে ট্রফি নিয়ে লাফিয়েছেন। (আরো খবর খেলার পাতায়)।