তথাকথিত ইসলামিক স্টেট বা আইএসকে সহায়তার পরিকল্পনার দায়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি শহিদুল গাফফার ও নাবিলা খানকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা নাবিলার দুই ভাইকে সিরিয়া যেতে উত্সাহ ও আর্থিক সহায়তা দিয়েছেন। খবর ডয়েচেভেলের
মার্কিন বিচার মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাফফারকে ১৮ মাস ও নাবিলাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, তারা নাবিলা খানের ভাইদের যুক্তরাষ্ট্রের জন্য প্রত্যক্ষ হুমকি হিসেবে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেওয়ার প্রচেষ্টায় উত্সাহ জুগিয়েছেন ও আর্থিক সহায়তা দিয়েছেন। আদালতে দাখিল করা নথিপত্র বলছে, গাফফার ও নাবিলা ২০১৫ সালে ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়া যেতে নাবিলার দুই ভাইকে আর্থিক সহায়তা দিয়েছেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে তারা ঐ ভাইদের ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন।