সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাত্ করলেন মার্কিন রাষ্ট্রদূত

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার সৌজন্য সাক্ষাত্ করেছেন। বৃহস্পতিবার সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যত্ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এদিকে সেনাবাহিনী প্রধানকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এর ‘মিরপুর হল অব ফেম’ এ অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান হয়। মিরপুর গ্র্যাজুয়েট হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে আরোহণের সম্মাননা হিসেবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের ছবি ‘মিরপুর হল অব ফেম’ এ অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, সেনাপ্রধান জেনারেল এস এম  শফিউদ্দিন আহমেদ ১৯৯৮-১৯৯৯ সালে ২৩তম আর্মি স্টাফ কোর্সে অংশগ্রহণ করেন এবং সম্মানসূচক ‘পিএসসি’ উপাধি ও ডিফেন্স স্ট্যাডিজের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠান শেষে তিনি ডিএসিএসসি এর অনুষদ এবং প্রাক্তন গ্র্যাজুয়েটগণের সঙ্গে সাক্ষাত্ ও মতবিনিময় করেন।

ডিএসসিএসসি এর আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর অধীনে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ হতে পিএইচডি ডিগ্রির সনদপত্র গ্রহণ করেন। উল্লেখ্য, গত ২৮ আগস্ট তিনি পিএইচডি ডিফেন্স সম্পন্ন করেন। গত ৬ সেপ্টেম্বর বিইউপি একাডেমিক কাউন্সিল কর্তৃক তার পিএইচডি ডিগ্রি সুপারিশকৃত হয় এবং ৮ সেপ্টেম্বর সিন্ডিকেট কর্তৃক তা অনুমোদিত হয়।

পরে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে ‘মুজিববর্ষ ট্রাষ্ট ব্যাংক ওপেন গলফ টুর্নামেন্ট-২০২১'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রফেশনাল গলফারস্ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গলফ্ ফেডারেশনের অধীন মোট ৭১ জন পেশাদার ও সাত জন অ্যামেচার গলফার অংশগ্রহণ করেন। মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে পেশাদার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গলফার মো. জাকিরুজ্জামান জাকির এবং অ্যামেচার বিভাগে শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করেন গলফার মো. আব্দুল কাদের।

 —আইএসপিআর