আশুলিয়ায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু, পুড়ে গেছে ১৬টি ঘর

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের চুলা থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে আঁখি মনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকার হানিফ ও হুমায়ুন কবিরের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। আগুনে দুটি শ্রমিক কলোনির ১৬টি ঘরও পুড়ে ছাই হয়ে যায়। নিহত আখি মনি লালমনিরহাটের বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে। সে তার পোশাকশ্রমিক বাবা-মার সঙ্গে ঐ এলাকায় বসবাস করত।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বাবা-মা পোশাক কারখানায় কাজে যাওয়ায় তাদের তিন বছরের শিশু আঁখি মনি নিজেদের টিনশেড ঘরে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় হঠাত্ তাদের পাশের ঘরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।  মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় অন্য শিশুরা ঘর থেকে বের হতে পারলেও আঁখি মনি ভয়ে খাটের নিচে গিয়ে লুকালে সেখানেই সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ হোসেন জানান, রাতে জামগড়া এলাকায় বাসাবাড়িতে আগুনের খবর পেয়ে তারা  দ্রুত ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।