প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন হবে আগামী ২০ সেপ্টেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদের প্রার্থীরা। এদিকে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চার জন। দলীয় মনোনয়ন পেয়েছেন এক জন। মেয়র পদে বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী না থাকলেও দুই জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগের ঐ বিদ্রোহী চার প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র লঙ্ঘনের অপরাধে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বহিষ্কারাদেশ সংক্রান্ত চিঠি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে পাঠানো হয়েছে। বিদ্রোহী মেয়র প্রার্থীরা হলেন—দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর নেওয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে দলীয় পদ থেকে স্থায়ী বহিষ্কার ও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদে চিঠি পাঠানো হয়েছে। দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় ও নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীকে (নৌকা) মনোনীত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর নেওয়াজ (মোবাইল ফোন), যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (রেল ইঞ্জিন), যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ (ক্যারাম বোর্ড), পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন (জগ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ না নিলেও স্থানীয় নির্বাচন হিসেবে দলের দুই নেতা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ এস এম মোফাখখারুল আলম বাবু (চামুচ প্রতীক) এবং দেবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম (নারিকেল গাছ প্রতীক)। এ ছাড়া মেয়র পদে স্বতন্ত্র আরো দুজন প্রার্থী রয়েছেন তারা হলেন—জাকারিয়া ইবনে ইউসুফ (ইস্ত্রি মেশিন) ও মাসুদ পারভেজ (কম্পিউটার প্রতীক)।

দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. এরশাদুল হক ভুইয়া জানান, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ জন মেয়র, ৬৩ জন কাউন্সিলর ও ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, পৌরসভা নির্বাচনে সব দল ও মতের প্রার্থীদের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।