ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর পর ১২ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধোয়া-মোছার কাজসহ নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
ফুলবাড়ী (কুড়িগ্রাম) :ফুলবাড়ীতে ২২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এরই মধ্যে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ সব মাদ্রাসা ও কলেজে ধোয়া-মোছার কাজ শেষ। শুক্রবার সকালে উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কুরুষাফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সকালে স্কুল মাঠ পরিষ্কারপরিছন্ন চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র ধোয়া-মোছার কাজ শেষ করেই রং দিয়ে নতুন রূপে সাজিয়ে তুলছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহিনা ফেরদৌস। এছাড়া স্কুলের মাঠে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছেন। কুরুষাফেরুষা স্কুলের শিক্ষার্থী ৫ম শ্রেণির শিক্ষার্থী নুসাইবা ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আঙ্গুর খাতুন বলেন, স্কুল খোলার কারণে খুবই ভালো লাগছে। কুরুষাফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. শাহিনা ফেরদৌস জানালেন, বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে নতুন রূপে আগের মতোই স্বাভাবিকভাবে ক্লাস করতে পারবে। সরকারি নিদের্শনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের জন্য সব প্রস্তুত্তি সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হূদয় কৃষ্ণ বর্মণ জানান, ইতিমধ্যেই উপজেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কারপরিছন্নতাসহ ধোয়া-মোছার কাজ সম্পন্ন হয়েছে।
কাহারোল (দিনাজপুর) :কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টির জন্য শ্রেণিকক্ষ, মাঠ, টয়লেট ও শিক্ষকদের কমন রুমসহ পুরো পরিবেশকে জঞ্জালমুক্ত করার কাজ শুরু হয়েছে গত কয়েক দিন ধরে। কাহারোল উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১২১টি প্রাথমিক বিদ্যালয়, ৪০টি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ছয়টি, মাদ্রাসা সাতটি ও কলেজ ছয়টি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।
দশমিনা (পটুয়াখালী) :দশমিনায় স্কুল ও কলেজে শ্রেণিকক্ষ পরিষ্কারপরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছেন শিক্ষকরা। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, উপজেলায় ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পাঠদানের উপযোগী করা হয়েছে। আশাকরি বিদ্যালয় খোলার আগেই সব প্রতিষ্ঠান পাঠদানের উপযোগী করে তোলা হবে।
মনোহরগঞ্জ (কুমিল্লা) :মনোহরগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান। সরকারি নির্দেশনা পালনের অংশ হিসেবে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পাঠদান উপযোগী করতে শ্রেণিকক্ষ, আসবাবপত্র, শৌচাগার পরিষ্কার, বিদ্যালয়ের ভেতরে-বাইরে জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ শিক্ষার্থীদের সুরক্ষায় বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে নানা উদ্যোগ। শুক্রবার সকালে সরেজমিনে উপজেলা সদরের লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ জানান, জীবাণুমুক্ত করতে বিদ্যালয়ের চারপাশে পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। পাঠদান উপযোগী করতে আসবাবপত্র ধোয়া-মোছার পাশাপাশি শ্রেণিকক্ষে করা হয়েছে জীবাণুনাশক স্প্রে।