সুজানগরে ইঁদুরের উপদ্রব বেড়েছে

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে ইঁদুরের উপদ্রব বেড়েছে। সুজানগর পৌর শহরসহ উপজেলার অধিকাংশ গ্রামাঞ্চলের মানুষ ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। ইঁদুর বাড়িঘর, অফিস-আদালত এবং দোকানে রাখা বিভিন্ন মূল্যবান মালামাল এবং কাগজপত্র কেটে ক্ষতি করছে। সুজানগর পৌর বাজারের মুদি ব্যবসায়ী সেলিম রেজা বলেন, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে সারাদিন বেচাকেনা শেষে রাতে কিছু কিছু মালামাল দোকান থেকে বাড়িতে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। একই বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, বিষ এবং ফাঁদ পেতে ইঁদুর নিধন করেও উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। ফলে তারা প্রতি মাসে হাজার টাকা ক্ষতি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, বিষ এবং ফাঁদসহ বিভিন্ন পদ্ধতিতে ইঁদুর নিধন করা ছাড়া উপদ্রব থেকে বাঁচার কোনো বিকল্প নেই।