চলনবিলে নৌকা ভ্রমণের নামে অশ্লীলতার অভিযোগ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরের ঐতিহ্যবাহী বিস্তীর্ণ চলনবিলে বর্তমানে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ বিলপাড়সহ বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা লোকজন।

জানা গেছে, প্রতিদিনই নৌকা নিয়ে চলনবিলে ঘুরতে আসছে বিভিন্ন এলাকার মানুষ। বেশির ভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে অশ্লীল পোশাকে থাকে নর্তকীসহ হিজড়ারা। আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য পান করে নাচ-গানে মাতে তরুণ ও যুবকরা। খোঁজ নিয়ে জানা গেছে, এসব নর্তকী ও হিজড়াদের অন্য জায়গা থেকে টাকা দিয়ে এনে অবৈধ এমন কর্মকাণ্ড চালায় ভ্রমণ ও পিকনিকে আসা যুবকরা। এদিকে নর্তকী ও হিজড়া থাকা নৌকাগুলোর  বেশির ভাগ অংশই ছাউনি দেওয়া। বিল এলাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষজন এ কারণে পড়ছেন বিড়ম্বনায়। ঐতিহ্যবাহী এ বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত মানুষ আসেন। কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকাণ্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে।

চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, চলনবিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলা অশ্লীলতায় ডুবছে যুব সমাজ। ফলে অভিভাবকরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যত্ ও নৈতিক অবক্ষয় নিয়ে চরম উত্কণ্ঠায় রয়েছেন। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন জানান, চলনবিলে নৌকা ভ্রমণের নামে চলা অশ্লীল কর্মকাণ্ড বন্ধে পুলিশ দ্রুতই অভিযান পরিচালনা করবে।