চিলমারীতে বন্যায় আমনের ব্যাপক ক্ষতি

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে এবারের বন্যায় আমনখেতের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রথম দফা বন্যার পর কৃষকরা পুরোদমে জমি চাষ করে আমনখেত রোপণ করেন। দ্বিতীয় দফা বন্যায় আমনখেত পানির নিচে প্রায় ১৫ দিন তলিয়ে থাকায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

উপজেলার পুটিমারী এলাকার কৃষক আবু বাদশা জানান, প্রথম দফা বন্যার পর ঋণ করে চার বিঘা জমিতে আমনখেত রোপণ করেছিলাম। দ্বিতীয় দফা বন্যায় আমনখেত সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঋণ পরিশোধ এবং পরিবারের ব্যয় নিয়ে সংকটে রয়েছি। রাজারভিটা এলাকার আবুল হোসেন জানান, ধারদেনা করে তিন বিঘা জমিতে রোপা আমন রোপণ করেছিলাম। বন্যায় আমনখেত পানিতে তলিয়ে যাওয়ায় সম্পূর্ণ ক্ষতি হয়েছে। সামনের দিনে পরিবার-পরিজন নিয়ে কীভাবে দিন পার করব তা নিয়ে দুশ্চিন্তায় আছি। উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষান দাস জানান, দ্বিতীয় দফা বন্যায় ৩ হাজার ২১৮ হেক্টর জমির আমনখেত সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে।