গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদেরখাল ও গয়নাঘাটা ব্রিজের সংযোগ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে চালক ও সাধারণ মানুষদের। যানবাহন চলাচলে ও মানুষের যাতায়াতে ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় আব্দুল ওহাব মোল্লা, মোহাম্মদ আলীসহ অনেকে অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষ হতে না হতেই কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পরপর দুই দফা সংস্কার করা হলেও বর্তমানে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ঐ নির্মাণকাজের সুপারভাইজার আ. আহাত মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মাণকাজের মেয়াদ বৃদ্ধি না করার কারণে বর্ষাকালে সংযোগ সড়কের নির্মাণকাজ করায় পিচ ও পাথর উঠে গিয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান ঐ ব্রিজ দুটির সংযোগ সড়কে সংস্কারকাজ শুরু করেছে।
বরিশাল সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী ফিরোজ আজম খান বলেন, ঐ কাজটি আমরা করিনি। নির্মাণকাজটি একটি প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সড়ক নির্মাণের পর কিছু অংশ নষ্ট হয়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে সংস্কারকাজ শুরু করেছে বলে তিনি জানান।