অনির্দিষ্টকালের জন্য পেছাল ম্যানচেস্টার টেস্ট

স্পোর্টস ডেস্ক

ম্যাচ শুরুর একদিন আগেই সৃষ্টি হয় শঙ্কা। করোনা পজিটিভ হন ভারতের ফিজিওথেরাপিস্ট ইয়োগেশ পারমার। তবে খেলোয়াড়রা ছিলেন নেগেটিভ। তাই গতকাল খেলা মাঠে গড়ানোর সব প্রস্তুতিই চলছিল। কিন্তু টস শুরুর তিন ঘণ্টা আগে বলে দেওয়া হলো, হচ্ছে না ম্যানচেস্টার টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী ২০২৩ সালের ভেতরই টেস্টটি খেলতে হবে। আগামী বছর সীমিত ওভারের সিরিজ খেলতে ফের ইংল্যান্ড সফর করবে ভারত। সেখানেই ফাঁকা সূচি বের করার চেষ্টা করছে দুই বোর্ড। আর যদি কোনো কারণে টেস্টটি না হয় তাহলে সিরিজের ফল কী হবে, সেটি পরে জানিয়ে দেবে আইসিসি। এই মুহূর্তে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

চতুর্থ টেস্টে রবি শাস্ত্রী করোনা পজিটিভ হওয়ার পরও খেলতে কোনো অসুবিধা হয়নি। তখনই আশঙ্কা ছিল করোনার শিকার হতে পারেন আরো কয়েক জন। তাই কঠিন এই পরিস্থিতিতে খেলতে অস্বীকৃতি জানান কয়েক জন ভারতীয় খেলোয়াড়।