১৩ মাস পর লেবাননে নতুন সরকার প্রধানমন্ত্রী নাজিব মিকাতি

১৩ মাস পর নতুন সরকার গঠিত হলো লেবাননে। দেশটির রাজনৈতিক অচলাবস্থারও অবসান হলো বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার নতুন সরকার গঠিত হয়। মধ্যপ্রাচ্যের এই দেশটির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বিলিওনেয়ার নাজিব মিকাতি। প্রেসিডেন্ট মাইকেল আউন ও প্রধানমন্ত্রী নাজিব মিকাতি গতকাল নতুন সরকার গঠনের ব্যাপারে পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সামনে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্টের দপ্তর এবং পরবর্তীতে মন্ত্রিসভা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মাহমুদ মাকিয়েহর তরফ থেকে ধনী ব্যবসায়ী মিকাতির নেতৃত্বে ২৪ সদস্যের এক নতুন মন্ত্রিসভার কথা ঘোষণা করা হয়েছে। সরকারের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে লেবানেন পূর্ণ শক্তির সরকার ছিল না।