মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, সরকারি সফরে শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের হাওয়াই এ অনুষ্ঠিতব্য ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ্স কনফারেন্স-২০২১’ এ যোগদানের উদ্দেশ্যে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর আইপিএসিসি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এ বছরের আইপিএসিসি-এ ভবিষ্যত্ অপারেশনাল এনভারোমেন্ট-এর উপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর  তিনি দেশে প্রত্যাবর্তন করবেন। —আইএসপিআর