আত্মহত্যা প্রতিরোধে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেছেন, কেউ যদি টানা দুই সপ্তাহ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখে, তবে তাকে অবশ্যই চিকিত্সকের কাছে যেতে হবে। গতকাল রাজধানীতে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) হলে আয়োজিত এ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, ডা. ফারজানা রহমান দিনা, কবি ও সাংবাদিক রুহুল গনি সরকার জ্যোতি, লেখক ও সাংবাদিক শাহানাজ মুন্নি, ডকুমেন্টারি ফিল্ম মেকার আমিনুর রহমান বাচ্চু, সাংবাদিক রাবেয়া হোসেন বেবী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রূপশ্রী চক্রবর্তী।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, করোনা মহামারির এ সময়ে আত্মহত্যা অনেক বেড়ে গেছে। তিনি আত্মহত্যা প্রতিরোধে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন।
অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী আত্মহত্যা প্রতিরোধের বিষয়কে প্রত্যেককে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান। ডা. ফারজানা রহমান দীনা বলেন, কেউ যদি টানা দুই সপ্তাহ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখে, তবে তাকে অবশ্যই চিকিত্সকের কাছে যেতে হবে।
ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের সভাপতি জয়শ্রী জামান বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসকে জাতীয় পর্যায়ে পালনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, দিবসটি জাতীয় পর্যায়ে পালন করা হলে আত্মহত্যা প্রতিরোধ নিয়ে মানুষের সচেতনতা অনেক বেড়ে যেত। তিনি আত্মহত্যা প্রতিরোধে হেল্প লাইন ও মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেন্টার গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বিটিএফ আয়োজিত আত্মহত্যা প্রতিরোধমূলক ছোটগল্প, প্রবন্ধ ও পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।