জঙ্গিনেতা উজ্জ্বল মাস্টার তিন দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন-জেএমবির শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন।

মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাকিল জোয়ার্দ্দার তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি দীর্ঘদিন ধরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন-জেএমবির সদস্য হিসেবে কাজ করে আসছেন। আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার ভোরে র্যাব উজ্জ্বল মাস্টারকে গ্রেফতার করে। ময়মনসিংহের একটি কলেজ থেকে বিএ পাস করে প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন উজ্জ্বল মাস্টার। জঙ্গি সংশ্লিষ্টতায় ঐ স্কুল থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে ২০০২ সালে মুক্তাগাছায় একজন জঙ্গি নেতার বয়ান শুনে শায়েখ আব্দুর রহমানের কাছে বায়াত গ্রহণ করেন। এরপর জামালপুরে একটি আস্তানায় প্রশিক্ষণ গ্রহণ করেন। জঙ্গিবাদে ব্যাপক তত্পরতা থাকায় দ্রুত তিনি ময়মনসিংহ অঞ্চলের দুর্ধর্ষ নেতা হয়ে ওঠেন।

র্যাব জানায়, গ্রেফতার উজ্জ্বল মাস্টার শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই ও সালাহউদ্দিন সালেহীনের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি জেএমবির শীর্ষ নেতাদের ময়মনসিংহে সফরকালে বিশেষ দায়িত্বে থাকতেন। বিশেষ করে নেতাদের গোপন আস্তানায় অবস্থান, মিটিং ও বয়ান আয়োজনে ভূমিকা রাখতেন। গত ৪ সেপ্টেম্বর ময়মনসিংহে গ্রেফতার চার জঙ্গিসহ জেএমবির জুলহাসসহ ১০ সদস্য তার কাছ থেকে বায়াত গ্রহণ করেন। এই ১০ জনই বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে  গ্রেফতার হন।