ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের মহাপরিচালক বলছেন, তালেবানের হাতে আফগানিস্তানের পতন হয়তো যুক্তরাজ্যের তথাকথিত সন্ত্রাসীদের আরো চাঙ্গা করতে পারে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যাককালাম বলেন, সন্ত্রাসের হুমকি যে রাতারাতি বদলে যাবে তা নয়, কিন্তু উগ্রপন্থিদের মনোবল বেড়ে যাওয়ার মতো কিছু ঘটতে পারে। এমন উদ্বেগও রয়েছে যে, সন্ত্রাসীরা হয়তো পুনরায় সংগঠিত হয়ে ৯/১১ বা তার পরবর্তীকালের মতো বড় আকারের কোনো আক্রমণের পরিকল্পনা করতে পারে। খবর বিবিসির
ম্যাককালাম জানান, গত চার বছরে যুক্তরাজ্যে মোট ৩১টি ‘শেষ পর্যায়ে থাকা আক্রমণের পরিকল্পনা’ ব্যর্থ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়টি আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল মহামারি চলার সময়। এমআইফাইভের মহাপরিচালক জানান, এসব ছিল প্রধানত ইসলামি উগ্রপন্থি আক্রমণের পরিকল্পনা। তবে উগ্র দক্ষিণপন্থি সন্ত্রাসীদের আক্রমণের পরিকল্পনার সংখ্যাও বাড়ছে।
বিবিসির বিশ্লেষক গর্ডন কোরেরা বলছেন, সম্প্রতি আফগানিস্তান থেকে পশ্চিমা সৈন্যদের প্রত্যাহারের ফলে এমন উদ্বেগ দেখা দিয়েছে যে, জিহাদি হুমকি বেড়ে যেতে পারে এবং দেশটি হয়তো এ ধরনের গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়ে পরিণত হতে পারে। ম্যাককালাম বলেন, আমি দুঃখের সঙ্গে বলছি যে, যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঝুঁকি একটি বাস্তব এবং স্থায়ী ব্যাপার। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ২০তম বার্ষিকীর আগে বিবিসি রেডিওর এক বিশেষ অনুষ্ঠানে ম্যাককালাম বলেন, এমআইফাইভ যেসব হুমকির মোকাবিলা করছে তার মধ্যে ছোট আকারের এবং অনুপ্রাণিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সংখ্যা সবচেয়ে বেশি। এতে কোনো সন্দেহ নেই যে, আফগানিস্তানের ঘটনাবলি সেসব উগ্রপন্থিদের অনেককে আনন্দিত এবং সাহসী করে তুলবে, তাই আমার প্রতিষ্ঠান এখন ঐ ধরনের ঝুঁকিগুলোর দিকেই মনোনিবেশ করছে।
ম্যাককালামের মতে, পরিকল্পিত বা সংগঠিত সন্ত্রাসী কাজেও সময় লাগে, তবে যা রাতারাতি হতে পারে তা হলো এদেশে বা অন্যত্র উগ্রপন্থিদের মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠা। তার মতে, বড় আকারের সন্ত্রাসী আক্রমণের সংখ্যা কমে গেলেও অনুপ্রাণিত সন্ত্রাসবাদের পরিমাণ বেড়েছে। তিনি ব্যাখ্যা করেন, ইসলামিক স্টেট এমন একটা কিছু করেছে যা আল-কায়েদা করেনি। সেটা হলো, অনেক লোককে ছোট আকারের সন্ত্রাসী কাজ করতে অনুপ্রাণিত করা। তার মতে, গত ৫ থেকে ১০ বছরে অনুপ্রাণিত সন্ত্রাসের ঘটনা একটা ধারায় পরিণত হয়েছে যার ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আল-কায়েদার মতো নির্দেশিত পরিকল্পনা বেড়ে যাওয়ার সম্ভাবনার দিকেও নজর রাখতে হবে বলে মত দেন ম্যাককালাম।