বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়েছে ছিনতাইকারী

নেশার টাকা জোগাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়েছে ছিনতাইকারীরা। শনিবার (১১ সেপ্টেম্বর) রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) আবু মারুফ হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিফাত হোসেন আলিফ জানিয়েছেন নেশার টাকা জোগাতেই তারা এসব কাজ করেন। 

উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত আলিফ ও তার দুই সহযোগী চুরি ছিনতাই করে জীবন চালায়। এরা নিয়মিত নেশা করে। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এরা চুরি ও ছিনতাই করে। ঘটনার দিন গভীর রাত হলেও কোন সুযোগ না পাওয়ায় তারা মডার্ণ মোড় থেকে পার্কের মোড়ের দিকে আসতে পরাগ কে একা পেয়ে হামলা করে মোবাইল ছিনতাই করে। আবারও তারা ছিনতাইয়ের পরিকল্পনা করলে তাদের মধ্যে একজন চলে যায়। আলিফ ও আরেকজন মিলে তারা বিএডিসি এলাকায় অবস্থান নেয়। পরে ভোরের দিকে তারা শিক্ষক মনিরুজ্জামান মজনুকে একা পেয়ে হামলা করে তার মোবাইল ও দুই হাজার দুইশ টাকা ছিনতাই করে।

                           

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়ে আবু মারুফ হোসেন বলেন, শিক্ষকের কাছ থেকে ছিনতাই করা টাকার মধ্যে আলিফের ভাগের ৭০০ টাকা ও মোবাইল দুইটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও বাকিদের গ্রেফতারে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের এলাকার নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের দায়িত্ব শুধু ক্যাম্পাসের ভিতরে। বাইরের এলাকায় সার্বক্ষণিক টহল টিম মোতায়েন ছিল। তবুও এর ফাকে এই ঘটনা ঘটেছে। আমরা টহল বাড়িয়েছি। সিটি মেয়রকে সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানিয়েছি। এছাড়াও ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিতে বিএডিসি, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ারুল আজিম, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসআই