ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার জনি বেয়ারস্টো, ডেভিড মালান এবং ক্রিস ওকস। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির বাকি অংশে তারা খেলবেন না।
গত এপ্রিলে ভারতে আইপিএলের ১৪তম আসর বসে। কিন্তু করোনা মহামারির কারণে মাঝপথেই সেটি স্থগিত হয়ে যায়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমিরাতে বাকি অংশ শুরু হতে যাচ্ছে। তার আগে অনেক তারকা ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন।
আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন মালান এবং ওকস দিল্লি ক্যাপিটালসে ও বেয়ারস্টো সানরাইজার্স হায়দরাবাদে। তার আগে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা জস বাটলার।
এছাড়া সব ধরনের ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন বেন স্টোকস এবং চোটের কারণে খেলতে পারছেন না জোফরা আর্চার। তারা দু'জনই রাজস্থান রয়্যালসের। ফলে এই পাঁচ ইংলিশ ম্যানকে পাচ্ছে না ফ্রাঞ্জাইজিগুলো।
এর বাইরে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, রাইলি মেরেডিথ, ঝাই রিচার্ডসন ও ড্যানিয়েল স্যামস টুর্নামেন্টটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেনও খেলবেন না।
ইত্তেফাক/টিএ