বন্যার নতুন পানিতে তিস্তানদী ফিরে পেয়েছে তার হারানো যৌবন। সেই ভরা যৌবনা তিস্তা নদীতে টানা ৪৬ কিলোমিটার সাঁতরে পাড়ি দিয়েছেন রাব্বী রহমান। এজন্য তিনি সময় নিয়েছেন মাত্র ৫ ঘণ্টা ৩৮ মিনিট ছাব্বিশ সেকেন্ড।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল নয়টায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন রাব্বী রহমান। সেখান থেকে ৪৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুরে পৌঁছান বগুড়ার দশম শ্রেণি পড়ুয়া এই সাঁতারু। রাব্বী রহমান গত বছর বাংলা চ্যানেল পাড়ি দিতে ৪০ জন সাঁতারুকে পিছনে ফেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এবার তিস্তা জয়ে আনন্দিত এই কিশোর বলেন, আমার স্বপ্ন বিশ্বসেরা সাঁতারু হবার। এ জন্য নিজেকে তৈরি করতে আমি চেষ্টা করছি। ইচ্ছে আছে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরার।
মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ কামাল তিস্তা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলার ১৫ জন দক্ষ নারী-পুরুষ সাঁতারু অংশ নেন। সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তিস্তা ব্যারেজ থেকে ৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুর প্রান্তে এসে পৌঁছায় সাঁতারুরা। সেখানে তাদেরকে হাজার হাজার মানুষ অভিবাদন জানিয়ে বরণ করে নেন। এসময় তিস্তা নদীর দুই পাড়ে ছিলো উৎসুক জনতার ভিড়।
প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর) আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান।
ইত্তেফাক/এসআই