সরকারি দল না করলে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি মেলে না --- জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দলীয়করণের কারণে দেশে সুশাসন নেই। সরকারি দল না করলে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া যায় না। সরকারি দল না করলে সর্বনিম্ন দরদাতা হয়েও টেন্ডারে কাজ পাচ্ছে না ঠিকাদাররা। আবার টেন্ডার ছাড়া কাজ দেওয়ার বিধান করেছে, যা সম্পূর্ণ সংবিধান পরিপন্থি। সরকারি দলের নেতাকর্মীরা অপরাধ করেও খালাস পেয়ে যায়, সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। গতকাল দৈনিক যুগান্তর কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন—ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে টিকা দিতে রাজি হচ্ছে না। যদি তাই হয়, তাহলে বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ‘বিশ্বে নাকি বাংলাদেশের মর্যাদা বেড়েছে’। বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মর্যাদা বাড়তে পারে, কিন্তু সাধারণ মানুষের মর্যাদা মোটেই বাড়েনি, বরং কমেছে। তাই এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ দেশের বাইরে গেলে তাকে নানা হয়রানির শিকার হতে হচ্ছে।

 জাপা প্রতিটি নির্বাচনে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে এরশাদের উন্নয়ন ও সুশাসনের চিত্র তুলে ধরা হবে। জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান সালমা ইসলাম এমপি। সভা পরিচালনা করেন যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন।