তালায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তারা জানান, যে কোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই মুনাফাও অনেক বেশি হয়। বারুইহাটি গ্রামের কৃষক বাছের শেখ জানান, এ বছর ১ বিঘা জমি লিজ নিয়ে বাঁধাকপি আবাদ করেছি। আশা করি ভালো  ফলন ও দাম পাবো। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, কৃষকদের আগামজাতের সবজি আবাদ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এ বছর উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে সবজি ও ১৬৫ হেক্টর জমিতে কপি চাষ করা হয়েছে।