কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জের ভৈরব নদের ওপর নির্মিত ভেঙে পড়া সেতুটি দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের ১৫ গ্রামের মানুষ। ব্যাহত হচ্ছে পণ্য-পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত। প্রায় দুই বছর আগে নদী খননের পর বর্ষায় ধসে যায় সেতুর একাংশ। পাশেই অকেজো অবস্থায় রয়েছে বাঁশের সাঁকো। সেতুটি উপজেলার বারোবাজার ফুলবাড়িয়া রেলগেট-হাসানহাটি সড়কের ঝনঝনিয়া গ্রামে অবস্থিত।
স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে ভৈরব নদের এই অংশটি খনন করা হয়। খনন পরবর্তী বর্ষায় পানির চাপ বেড়ে ভেঙে পড়ে সেতুর একাংশ। এর কিছুদিন পরে এই স্থানে জেলা পরিষদের পক্ষে একটি সাঁকো তৈরি করা হলেও সেটিও ভেঙে গেছে। বর্তমানে এই স্থান দিয়ে সাবধানতার সঙ্গে কোনোরকমে মানুষ পার হলেও বন্ধ রয়েছে যানবাহন, ভ্যান ও রিকশা চলাচল।
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম জানান, চলাচলের অযোগ্য ব্রিজটির পুনর্নির্মাণের কাজ অচিরেই শুরু হবে। ৬০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে ব্রিজটি পরিদর্শন শেষে ওয়ার্ক অর্ডারের ব্যবস্থা গ্রহণ করা হবে।