রৌমারীতে বন্যায় ৩ হাজার হেক্টর আমনখেত নষ্ট

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

এবারের বন্যায় রৌমারী উপজেলায় প্রায় তিন হাজার হেক্টর আমন খেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। নতুন করে ধান লাগানোর সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৬ হাজার ৭৭০ হেক্টর জমিতে এবার আমন ধান চাষ হয়েছিল। তার মধ্যে ২ হাজার ৯৫০ হেক্টর আমন খেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। কৃষক মো. লাল মিয়া বলেন, বন্যায় চার বিঘা জমির সব ধান নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. কায়ুম চৌধুরী বলেন, বন্যায় প্রায় ৩ হাজার হেক্টর বোরো ধানখেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। বন্যার পানি কমে যাওয়ার সময় রোদে পানি গরম হয়ে বোরো ধানখেত বেশি নষ্ট হয়েছে।