ইতিহাস গড়তে জোকোভিচের বাধা মেদভেদেভ

ইউএস ওপেন

স্পোর্টস ডেস্ক

আর মাত্র একটি জয়। তাহলেই ইতিহাস গড়ে ফেলবেন নোভাক জোকোভিচ। ইতিমধ্যেই পকেটে পুড়েছেন বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যাম। এবার ইউএস ওপেন জিতলেই গড়ে ফেলবেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম (এক বছরে সব গ্র্যান্ড স্ল্যাম) জয়ের কীর্তি। একই সঙ্গে নাদাল-ফেদেরারকে (২০) ছাড়িয়ে হয়ে যাবেন সর্বোচ্চ ২১ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সেই পথে তার বাধা হয়ে দাঁড়িয়ে আছেন রাশিয়ার দানিল মেদভেদেভ।

১৯৬৯ সালে কিংবদন্তি রড লেভারের পর ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি আর কোনো পুরুষ। সেই অপেক্ষাকে আর দীর্ঘ করতে চান না জোকোভিচ। তাই আজকের ফাইনালকে জীবনের শেষ ম্যাচ মনে করেই খেলতে নামবেন ৩৪ বছর বয়সি এই সার্বিয়ান তারকা।

সেমিফাইনালে সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে জার্মানির আলেক্সান্ডার জভেরফকে ৪-৬, ৬-২, ৬-২, ৪-৬, ৬-২ গেমে হারিয়ে জোকোভিচ বলেন, ‘আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। আমার শরীর ও মস্তিষ্কের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে নামব। ম্যাচটিকে ক্যারিয়ারের শেষ ম্যাচ বিবেচনা করেই খেলব আমি।’

সেমিফাইনাল জিততে কম কাঠখড় পোড়াতে হয়নি জোকোভিচকে। গতবারের ফাইনালিস্ট জভেরফের কাছে টোকিও অলিম্পিকে হেরেছিলেন তিনি। প্রথম সেটে হারের পর তেমনই পরিণতির ইঙ্গিত মিলছিল। তবে গত কয়েকটি ম্যাচে এমন শুরু নিয়েও কোর্ট ছেড়েছেন হাসিমুখে। এবারও বিপরীত হলো না। নিজের চতুর্থ ইউএস ওপেন জিতে আজকের রাতটাও সেভাবেই কাটাতে চান। 

জোকোভিচের কাছেই গত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেছিলেন মেদভেদেভ। তার আগে ইউএস ওপেনে রাফায়েল নাদালের কাছে হারেন নিজের প্রথম ফাইনাল। তৃতীয়বারে এসে ভাগ্য পরিবর্তন করতে দৃঢ় প্রতিজ্ঞ র্যাংকিংয়ের দুই নম্বর বাছাই। জিততে চান নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। সেটা বোঝা যাচ্ছে তার খেলার ধরনেই। কেননা প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত মাত্র একটি সেটই হেরেছেন এই রাশিয়ান তারকা।

সেমিফাইনালে কানাডার ফিলিক্স অজার ইয়াসিমকে ৬-৪, ৭-৫, ৬-২ গেমে হারানোর পর মেদভেদেভ বলেন, ‘আপনি যত বেশি কিছু হারাবেন, ততই তা জিততে চাইবেন, অর্জন করতে চাইবেন ও নিতে চাইবেন। আমি দুটো ফাইনাল হেরেছি, তবে তৃতীয়টা জিততে চাই। আজ (সেমিফাইনাল) মনে হয় না নিজের সেরাটা দিয়েছি। তবে  ফাইনালে উঠতে পেরে আমি খুবই খুশি।’