স্পোর্টস রিপোর্টার
সিরিজ না জিতলেও বাংলাদেশে দারুণ সময় কাটিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দ্বিতীয় সারির দল নিয়ে স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ উপহার দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। কন্ডিশনে মানিয়ে নেওয়া কিউইরা সিরিজে দুটি ম্যাচ জিতেছে। পাঁচ ম্যাচের সিরিজ অবশ্য বাংলাদেশ ৩-২ এ জিতেছে। তবে সফরের শেষটা ভালো হয়েছে নিউজিল্যান্ডের। সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে বাংলাদেশকে ২৭ রানে হারিয়েছে টম ল্যাথামের দল। জয়ের স্বস্তি নিয়েই গতকাল ঢাকা ছেড়েছে সফরকারীরা। বিসিবি থেকে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় ঢাকা থেকে সরাসরি পাকিস্তানে গিয়েছে ল্যাথাম বাহিনী।
পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম ওয়ানডে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ মাঠে গড়াবে ২৫ সেপ্টেম্বর।
নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও বাংলাদেশ সফরে দলকে টেনেছেন ল্যাথাম। ৫ ম্যাচে ১৫৯ রান করে যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন তিনি। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলও বল দারুণ সফল, নিয়েছেন ১০ উইকেট।