টেস্ট পেছানোর কারণ আইপিএল নয় :ইসিবি

স্পোর্টস ডেস্ক

করোনার ঝুঁকির কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্টটি। সব ঠিক থাকলে আগামী বছরের ইংলিশ গ্রীষ্মে মাঠে গড়ানোর সম্ভাবনা। তবে এখন যেহেতু সময় আছে তাহলে আগামী বছর কেন? এ প্রশ্নের উত্তরে সরাসরি আইপিএলের নাম উল্লেখ করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রধান টম হ্যারিসন জানালেন, টেস্ট পেছানোয় আইপিএলের হাত নেই।

হ্যারিসন বলেন, ‘এটি এমন পরিস্থিতি নয়, যা আইপিএলের কারণে সৃষ্টি হয়েছে। আমি এক সেকেন্ডের জন্য তা বিশ্বাস করব না।’

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চার ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে ভারত। তাই ওল্ড ট্যাফোর্ড টেস্ট নিয়ে প্রচুর উত্কণ্ঠা জমে ছিল ক্রিকেট ভক্তদের। কিন্তু তা নিমিষেই মাটি হয়ে যায় যখন গত পরশু ম্যাচ শুরুর দিনই আসে স্থগিতের খবর। ভারতের ফিজিওথেরাপিস্ট ইয়োগেশ পারমার করোনা পজিটিভের খেলতে অস্বীকৃতি জানান কিছু ক্রিকেটার। যা মেনে নিয়ে টেস্টটি স্থগিত করে ইসিবি। সেজন্য প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা ও ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব।

আগামী ১৯ সেপ্টম্বর আরব আমিরাতে শুরু হচ্ছে গত মে মাসে স্থগিত হওয়া  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে টেস্ট দলে থাকা ভারতীয় খেলোয়াড়রা। অনেককেই চার্টার ফ্লাইটে করে দুবাই-আবুধাবি নিয়ে আসছে তাদের ক্লাব।