আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। সরকার যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের সুযোগ দিয়েছিল, সে সময় আমিও নিবন্ধন করি। আমার গ্রামের বাড়ি রাজশাহীতে, কিন্তু সেসময় ঢাকায় থাকার কারণে আমার সুবিধা অনুযায়ী ঢাকা ডেন্টাল হাসপাতাল কেন্দ্র হিসেবে নির্বাচন করি। আমার টিকা নিবন্ধনের দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও এখনো আমার মোবাইল ফোনে কোনো বার্তা পাঠানো হয়নি। কেন্দ্রে যোগাযোগ করা হলে মোবাইলের বার্তা ছাড়া তারা টিকা দিতে অপারগতা জানায়। অথচ অনেকেই আমার পরে নিবন্ধন করেও টিকার দুই ডোজ পেয়ে গেছেন।
সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্যে নির্দেশ দিয়েছে। এখন আমি বাড়ি ফিরে যেতে চাই। কিন্তু আমার টিকার কী হবে? আমি কি গ্রামের কোনো কেন্দ্র থেকে টিকা নিতে পারব, না টিকার জন্য গ্রাম থেকে আবার আমাকে ঢাকায় আসতে হবে? এ নিয়ে সুরক্ষা অ্যাপসে নেই কোনো নির্দেশনা, এমনকি নেই কেন্দ্র পরিবর্তনের সুযোগ। আমি যে নিবন্ধন বাতিল করে নতুনভাবে নিবন্ধন করব, সেটারও সুযোগ নেই। এখন এই টিকা নিয়ে আমি পড়েছি বিড়ম্বনায়। আশা করি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধান করবেন এবং নিবন্ধনের ক্রম অনুযায়ী অর্থাত্ ‘যাঁরা আগে নিবন্ধন করবেন, তাঁরা আগে পাবেন’ ভিত্তিতে সবার টিকা নিশ্চিত করা হোক।
মো. শফিউল্লাহ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,
কুষ্টিয়া