ইত্তেফাক ডেস্ক
কুমিল্লায় পাথরভর্তি ট্রাকের চাপায় এক রিকশাচালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ট্রাকের চাপায় রিকশাটি দুমড়ে-মুচড়ে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। শনিবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেদওয়ান-উল ইসলাম রিদু (৩৮)সহ তিন জন নিহত হয়েছেন। খবর আমাদেরে প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুমিল্লা :কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের রিকশাচালক মো. ইসমাইল হোসেন সাগর (৩০) মৌলভীবাজারের জুড়ী থানার মো. আবদুল আহাদ (২২) ও একই থানার মো. ইউসুফ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিকশাচালক ইসমাইল দুজন যাত্রী নিয়ে বুড়িচং উপজেলার সাহেববাজারে যাওয়ার পর সেখানে ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ভাড়া নিচ্ছিলেন। এসময় সিলেট থেকে আসা কুমিল্লা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক রিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে উলটে পড়ে। ট্রাকের চাপায় রিকশাচালক এবং দুই যাত্রী আবদুল আহাদ ও ইউসুফ ঘটনাস্থলেই নিহত হন। এদের মধ্যে দুজনের মরদেহ দ্বিখণ্ডিত ও একজনের মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় সড়কের পাশে পড়ে থাকে। নিহত দুই যাত্রী পেশায় রংমিস্ত্রি বলে জানা গেছে। পরে হাইওয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে। ট্রাকচালক ও হেলপারসহ তিন জনকে আটক করা হয়েছে। কুমিল্লা হাইওয়ে পুলিশের ময়নামতি ক্রসিং থানার এসআই মো. খোরশেদ আলম জানান, লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
বাগেরহাট :শনিবার সকালে বাগেরহাট-খুলনা পুরোনো সড়কের যাত্রাপুর ইউনিয়নের বাদামতলা এলাকায় গমবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোটরসাইকেল আরোহী রেদওয়ান-উল ইসলাম রিদু নিহত হয়েছেন। সদর থানায় মামলা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম। রিদু ঢাকায় বাংলাদেশ বয়েজ ও পারটেক্স ক্লাবে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে আসে।
ফেনী : ফেনীতে বালুবোঝাই পিকআপ ভ্যানের চাপায় শাহ জালাল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের মিজান রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজালাল একজন কাপড় ব্যবসায়ী বলে জানা যায়।
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় সোহেল কাইয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার বরমী ইউনিয়নের (গোলাঘাট) ভিটিপাড়া গ্রামের নাসির উদ্দিন কাইয়ার ছেলে। এ সময় জহিরুল ইসলাম (২২) নামে অপর একজন আহত হয়েছে।