সিনোফার্মের আরো ৫৪ লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে

ইত্তেফাক রিপোর্ট

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের আরো ৫৪ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারিকালে চীন থেকে দেশে আসা করোনা প্রতিরোধী টিকার এটাই সবচেয়ে বড় চালান। সিনোফার্মের কাছ থেকে ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এখন পর্যন্ত চীনের উপহারের ১১ লাখ ডোজসহ সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা এসেছে দেশে। এছাড়া কোভ্যাক্সের আওতায়ও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।