কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক কাউন্সিলর আবু তাহেরের অপকর্মের সংবাদ দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হওয়ায় কসবা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সমকাল প্রতিনিধি মো. সোলেমান খানকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়াকে অবহিত করার চার দিন পর কসবা থানায় সাধারণ ডায়ারি করে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন সোলেমান খান ।
জিডি ও অন্যান্য সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দৈনিক সমকালে ‘সাবেক কাউন্সিলর আবু তাহেরের বিরুদ্ধে গণহয়রানির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া গত ৩ সেপ্টেম্বর একই পত্রিকায় ‘সালিশ সভায় মসজিদ কমিটির সভাপতির মৃত্যু’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে ক্ষুব্ধ হয়ে যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কসবা বাজারে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ভজন শংকর আচার্যের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভজন বাবুর সঙ্গে অশালীন আচরণ করেন এবং সমকাল প্রতিনিধি সোলেমান খানের অনুপস্থিতিতে তাকে উদ্দেশ করে গালিগালাজ করেন এবং অপমান করার হুমকি দেন। খবর পেয়ে সোলেমান খান মোবাইল ফোনে তাকে এর কারণ জিজ্ঞাসা করলে শফিক ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং অশালীন ব্যবহার করেন।
দৈনিক আমার সংবাদ পত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি ভজন শংকর আচার্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন আচরণ করা হলে এখানে স্বাধীন সাংবাদিকতা করা সম্ভব নয়। এ ঘটনায় কসবার সাংবাদিকসমাজ উদ্বিগ্ন।
কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার কসবা প্রতিনিধি মো. শাহআলম চৌধুরী হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তিনি অবিলম্বে সাংবাদিকদের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনমন্ত্রী আনিসুল হক