ইউপি নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করে সে আমার প্রতিনিধি ------------ এমপি নিক্সন চৌধুরী

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগণ যাকে নির্বাচন করবে সে আমার নির্বাচনি এলাকার উন্নয়নের প্রতিনিধি। তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাসে যেখানে সারা বিশ্ব থমকে গেছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন থেমে নেই। সদরপুরের পদ্মা ও আড়িয়াল খাঁর চরাঞ্চলে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১০০ ভাগ বিদ্যুত্ সুবিধা দেওয়া হয়েছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করে যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা আমি বাস্তবায়ন করার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করব। তিনি গতকাল ফরিদপুরের সদরপুর উপজেলার জাকের পার্টির সাধারণ সম্পাদক ও সদরপুর সরকারি কলেজের সাবেক ভিপি মো. ইয়াকুব আলী মোল্যা আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এর আগে তিনি উপজেলা সদরের সদর বাজার থেকে ১৪রশি জিসি সড়ক প্রশস্তকরণ ও পুনর্নির্মাণে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। সভায় এমপি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম হবে শহর প্রকল্পের কাজ শুরু হয়েছে। অচিরেই সদরপুরে শেখ রাসেল স্টেডিয়াম তৈরি করে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য হবে এবং সদরপুরে ইউপি কমপ্লেক্স নির্মাণের কাজ ও চরাঞ্চলে দুর্যোগ শেল্টারকেন্দ্র নির্মাণ করা হবে।

হাজি এ বি এম গোলাম রাব্বানী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার মোল্যা, জেলা পরিষদের সদস্য হারিজুর রহমান হারেজ, সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।