স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত তারা মারা যান। মৃতদের একজন করোনা পজিটিভ ও চার জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি আরো জানান, মৃতদের দুজন নাটোরের এবং এক জন করে রাজশাহী, নওগাঁ ও পাবনার বাসিন্দা। মৃতদের চার জন পুরুষ ও একজন নারী। শনিবার সকাল পর্যন্ত চলতি মাসের ১১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা ৭৩। এছাড়া এক দিনে করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি ১৮ জন মিলিয়ে মোট রোগী ছিলেন ১৫৯ জন। এর মধ্যে রাজশাহীর ৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন, নাটোরের ১৯ জন, নওগাঁর ১০ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার আট জন, চুয়াডাঙ্গার চার জন এবং জয়পুরহাটের এক জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব মতে, শুক্রবার রাজশাহীর ১৯৭টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। যা বিগত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।