বাংলাদেশে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা চলবে ----- শ ম রেজাউল করিম

ইত্তেফাক রিপোর্ট

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আফগানিস্তানের তালেবান দেখে বাংলাদেশে দিবাস্বপ্নে যদি কেউ বিভোর থেকে থাকে এটা বাস্তবায়িত হবে না। বাংলাদেশ হিন্দু, মুসলিম,  বৌদ্ধ-খ্রিস্টানের অসাম্প্রদায়িক রাষ্ট্র, বঙ্গবন্ধুর রাষ্ট্র, শেখ হাসিনার রাষ্ট্র। এখানে অসাম্প্রদায়িক, আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থা চলছে সেটাই চলবে। এখানে অন্য কোনো কিছু দেখে কারো কোনো অভিলাশে লিপ্ত হওয়ার অবকাশ নেই। গতকাল শনিবার বিকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রকে জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ।

স ম রেজাউল করিম আরো বলেন, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্র দেশের যুব সমাজকে দক্ষ যুব সমাজে পরিণত করছে। এই যুব সমাজই হবে জাতির ভবিষ্যত্। কাজেই এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য এর কলেবর বৃদ্ধির জন্য রাষ্ট্রের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানকে জমি হস্তান্তরের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রার পথে আমরা একধাপ এগিয়ে গেলাম।

আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রমুখ। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. আবদুল জলিল ও শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রের ডিজি মো. আব্দুল করিম জমি হস্তান্তর ফাইলে স্বাক্ষর করেন।