দিল্লিতে ৪৬ বছরের রেকর্ড বৃষ্টি, পানির ওপরে বিমান

রানওয়ে যেন নদী, পানির ওপর দাঁড়িয়ে আছে বিমান। ৪৬ বছরে রেকর্ড বৃষ্টির ফলে দিল্লিতে জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর নদীর রূপ ধারণ করেছে। সড়ক মহাসড়কেরও একই অবস্থা। গতকাল শনিবার সকাল থেকে ১০০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে। এটি ৪৬ বছরের রেকর্ড। বাসিন্দারা বলছে, এমন বৃষ্টি আগে কখনো হয়নি। বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছিল না। কয়েক ঘণ্টা বৃষ্টির ফলে নাকাল হয়ে যায় দিল্লিবাসী।

শনিবার সকাল থেকে টানা কয়েক ঘণ্টা বৃষ্টির কারণে সব সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। দিল্লির রাস্তায় সাঁতার কাটতে দেখা যায় শিশুদের। রাজধানীতে এমন ঘটনা আগে কেউ কখনো দেখেনি।

স্পাইসজেটের পক্ষ থেকে বিমানবন্দরের রানওয়ের যে ছবি প্রকাশ করা হয়েছে, তা দেখে মনে হবে যেন নদীতে ভাসছে বিমান। জানা গেছে, দিল্লিগামী একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাও দিল্লিতে অতিবর্ষণ হতে পারে। শুধু রাজধানী দিল্লি নয়, সংলগ্ন এলাকাতেও জারি করা হয়েছে একই ধরনের সতর্কতা। এর আগে ১৯৭৫ সালে দিল্লিতে ১১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। -ইন্ডিয়ান এক্সপ্রেস