ক্রিশ্চিয়ানো রোনালদোকে গতকাল স্বাগত জানাতে কানায় কানায় পূর্ণ ছিল ওল্ড ট্র্যাফোর্ড। প্রায় সবার গায়েই রোনালদোর নামধারী নতুন-পুরোনো জার্সি। এতো ভালোবাসা পাওয়ার পর রোনালদোই বা তাদের খালি হাতে ফিরিয়ে দেন কী করে! নিউক্যাসলের বিপক্ষে জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন শুরুটা ভালোভাবেই রাঙিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। সেই সঙ্গে রেড ডেভিলরাও পেয়েছে ৪-১ গোলের দারুণ জয়।
নতুন বলেই প্রথমার্ধে তাল মেলাতে একটু সময় লাগছিল। কিন্তু এই ক্লাব যে তার চিরচেনা। তাই মানিয়ে নেন দ্রুতই। প্রথমার্ধের অতিরিক্ত সময় নিউক্যাসল গোলকিপারের গ্লাভস ফসকে যাওয়া বলে পা লাগিয়ে স্বাগতিকদের এগিয়ে নেয় এই ফরোয়ার্ড। তাতে প্রিমিয়ার লিগে ১২ বছর ১২৪ দিন পর রোনালদোর গোল সংখ্যা পৌঁছায় ৮৫তে।
বিরতির পর ৫৬ মিনিটেই হাভিয়ের ম্যানকিয়ো গোলে সমতায় ফিরে নিউক্যাসল। তা যেন রোনালদোর অভিষেকটাকে আরো দুর্দান্ত করার জন্যই। কেননা চার মিনিট পর এই ফরোয়ার্ডের কারিশমাতে উদ্ধার হয় ইউনাইটেড। ডি বক্সে বাঁ পায়ের শটে নিউক্যাসল গোলকিপারের দুই পায়ের মাঝখান দিয়ে জাল খুঁজে নেন তিনি। পরে ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও ৯২ মিনিটে রেড ডেভিলদের হয়ে ব্যবধান বাড়ান জেসে লিনগার্ড। দুটো গোলই আসে পগবার সহায়তা।
এদিকে দিনের আরেক ম্যাচে বের্নার্ডো সিলভার গোলে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে হেরেছে টটেনহাম।