আট কর্মদিবস উত্থানের পর শেয়ারবাজারে ছন্দপতন

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হলেও ধসের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতনের সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এর মাধ্যমে টানা আট কর্মদিবস উত্থানের পর শেয়ারবাজারে দরপতন হলো।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনের শুরুতে শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত পতন হয়। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট কমে ৭ হাজার ২০২ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দুই হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে সবকটি মূল্যসূচকের পতন হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে দুই হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১১ কোটি ৮২ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৮০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৬৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, লাফার্জহোলসিম বাংলাদেশ, ডেলটা লাইফ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স।