বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হবে নভেম্বরে

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন-২০২১-এর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সম্মেলনে বিশ্বব্যাপী ব্রান্ড বাংলাদেশের প্রচার ও প্রসারের উদ্যোগ নেওয়া হবে। আগামী ২৮-২৯ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সামিটটি উদ্বোধন করবেন। করোনা মহামারি পরিস্থিতিতে সম্মেলনটি শারীরিক ও ভার্চুয়াল দুই মাধ্যমেই অনুষ্ঠিত হবে।

সম্মেলন উপলক্ষ্যে গতকাল রবিবার রাজধানীর বিডা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি সম্মেলনের ওয়েব সাইট ও লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে, তখনকার বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের অধীনে। ঐ বছরই বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনকে একীভূত করে বিডা গঠিত হয়। বিডা গঠিত হওয়ার পর প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে। ২০২০ সালে এ সামিট হওয়ার কথা থাকলেও মহামারির কারণে তা পিছিয়ে যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন  বলেন, গত ১২ বছরে আমাদের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন বিস্ময়কর, এখন বিনিয়োগ আকর্ষণের জন্য বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরার সময়। আমাদের ইপিজেডগুলো বিশ্বমানের বিনিয়োগের জন্য প্রস্তুত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিনিয়োগ বিকাশের জন্য, আমরা বিনিয়োগকারীদের জন্য বিশ্বমানের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছি। অনুষ্ঠানে সম্মানিত অথিতির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এই আসন্ন বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে যৌথ ও বিদেশি বিনিয়োগ বহু অংশে বৃদ্ধি পাবে। যার ফলে একই সঙ্গে দেশি বিনিয়োগকারীরাও লাভবান হবেন।