মির্জাগঞ্জে ১০ প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মির্জাগঞ্জ উপজেলার ১৪২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০টি বিদ্যালয় জরাজীর্ণ। ফলে জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ বিদ্যালয়ে পাঠদান নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষক ও অভিভাবকরা। সুন্দ্রা কালিকাপুর হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজা জানান, পায়রা নদীগর্ভে পাকা ভবনটি বিলীন হয়ে যায়। পরে বাঁধের বাইরে পরিত্যক্ত টিনশেড ঘরে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় খুবই অসুবিধা হচ্ছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, জরাজীর্ণ ভবনগুলো সংস্কারের জন্য ইতিমধ্যেই কিছু বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।