ইবি ও যবিপ্রবিতে সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু

যশোর অফিস

স্বাস্থ্যবিধি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। রবিবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্নাতকোত্তর শ্রেণির সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হয়।  পরীক্ষার হল পরিদর্শন শেষে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ঝুঁকি থাকলেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে স্নাতক শ্রেণির শেষ বর্ষের পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার সময় যে সব শিক্ষার্থীর বাইরে থাকার সামর্থ্য নেই, তাদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে হলে থাকার সুযোগ দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে সব বর্ষের পরীক্ষা সমাপ্ত করা। তবে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে এজন্য অনলাইন ও শারীরিক উপস্থিতিতে দুই ধরনের শিক্ষাব্যবস্থা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা চালু রাখা হবে।

ইবি সংবাদদাতা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনা পরিস্থিতিতে আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের বিভিন্ন বর্ষের পরীক্ষা সশরীরে গ্রহণ শুরু হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত ও মানোন্নয়ন পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া হল পরিদর্শন করেন। এসময় প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপউপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান দৈনিক ইত্তেফাককে বলেন, করোনায় শিক্ষার্থীদের জীবন থেকে প্রায় ১৯ মাস চলে গেছে। আমরা চাচ্ছি এটাকে কতটুকু পূরণ করা যায়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে পরীক্ষা শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে আইসোলেশন সেন্টার করেছি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।