বরিশাল অফিস
সরকারি বরিশাল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চালুকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় কলেজের হলরুমে এ মতবিনিময় সভা হয়। সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস। এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আবার আগের মতো পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন ও কলেজের অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।