ময়মনসিংহে নিত্যপণ্যের দাম চড়া

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হাটবাজার দোকানপাটে নিত্যপণ্যের দাম চড়া। ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। বেড়েছে পামওয়েল-কোয়ালিটির দামও। একই সঙ্গে বেড়েছে ব্রয়লার, লেয়ার, সাদা কক ও সোনালি মুরগির দাম। সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। জেলার শম্ভুগঞ্জ বাজারে ঘুরে এসব তথ্য জানা যায়। মুরগি বিক্রেতা শহিদুল ইসলাম জানান, চাহিদা বেশি হলেও আমদানি কম থাকায় সব মুরগির দাম বেড়েছে। ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে ১৩৫ টাকা, সোনালি মুরগি ৫০ টাকা বেড়ে ২৭০ টাকা, দেশি মুরগি ৩৫০ টাকা, লেয়ার মুরগি ৩০ টাকা বেড়ে ২৬০ টাকা, সাদা কক ৪০ টাকা বেড়ে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা রনি মিয়া জানান, বাজারে বেশ কয়েক প্রকার নতুন সবজি এসেছে। তাই কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। মাছ বিক্রেতা হারুন মিয়া জানান, পাঙাশ মাছ ছাড়া সব মাছের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।